আমি কিংশুক
— তোফায়েল আহমেদ
আমি কিংশুক কিশলয়ে কুচাগ্র খুঁজি না,
আমি তব মাঝে বিলীন হবো— তুই খুঁজে পাবি না।
আমি হিংসুক, তাই পরহস্তে স্পর্শিত হতে দেই না,
আমি নিন্দুক, অন্যের কাছে তোর রূপের কথা বলি না।
আমি ভীতু, তাই বজ্রনিনাদেও তোর হাত ছাড়ি না,
আমি ছলনাময়ী, অভিনয় করেও হই না অন্যের অনুরাগী।
আমি অবাধ্য, তাই তোর নিষেধের সীমানা মানি না,
আমি স্বার্থপর, তাই তোকে ছাড়া আর কিছু জানি না।
আমি উন্মাদ, তাই লোকচক্ষুর পরোয়া করি না,
আমি পাষাণ, তবু তোর চোখের জল সইতে পারি না।
আমি অন্ধ, তাই তোর কোনো ত্রুটি চোখে পড়ে না,
আমি নিঃস্ব, তবু তোকে হারানোর ভয় মরে না।
আমি অগোছালো, শুধু তোর স্মৃতিই সাজিয়ে রাখি,
আমি চিরন্তন মায়া, তোকে আজীবন জড়িয়ে রাখি।

0 মন্তব্যসমূহ